সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

উত্তাল পদ্মা :: মাওয়া-কাওড়াকান্দি রুটে ৬টি ফ্লাট ফেরি চলাচল বন্ধ

18 April 2010 :: 03:15pm
ঝড়ো হাওয়ায় পদ্মা উত্তাল হয়ে উঠায় দুর্ঘটনা এড়াতে মাওয়া-কাওড়াকান্দি রুটের ৬টি ফ্লাট ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে মাত্র ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করতে সংশ্লিষ্টদের হিমশিম খেতে হচ্ছে। 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ রোববার সকাল থেকে ঝড়ো হাওয়া শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠায় নিয়ন্ত্রণ রাখতে না পারায় সকাল ৯টা থেকে এরুটের ৬টি ফ্লাট ফেরি ল্যান্টিং, থোবাল, রায়পুরা, যমুনা, রানীগঞ্জ ও টাপলো চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ২টি রো রো ফেরি, ১টি কে টাইপ, ১টি মিডিয়াম ফেরি দিয়ে যানবাহন পারাপার হয়। এসময় উভয় পাড়ে প্রায় আড়াই শতাধিক যানবাহন আটকে পড়ে। এদিন ঝড়ো হাওয়ার কারণে লঞ্চসহ সকল নৌযান চলাচলই ব্যহত হয়। 
বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান বলেন, ঝড়ো হাওয়ায় ফ্লাট ফেরি দিয়ে যানবাহন পারাপার ঝুকিপূর্ণ। তাই এই ফেরিগুলো বন্ধ করা হয়েছে। বাতাস কমলেই ফেরিগুলো সচল হবে।
Read More ... »

এসিড সন্ত্রাসের শিকার শিবচরের এক গৃহবধু

17 April 2010 :: 02:03pm
উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামে হেলেনা বেগম (৩০) নামের এক গৃহবধু এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। শুক্রবার গভীর রাতে সন্ত্রাসীরা এসিড নিক্ষেপ করলে হেলেনা বেগমের গলা (ঘাড়ের একাংশ), বুক, স্তন ও পা ঝলসে গেছে। তাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
পারিবারিক সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার গভীর রাতে (সাড়ে দশটায়) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সামসুদ্দিন মৌলভীরকান্দি গ্রামের ব্যবসায়ী শওকত শেখের স্ত্রী তিন সন্তানের জননী হেলেনা বেগমের (৩০) শরীরে এসিড ছুড়েন স্থানীয় প্রভাবশালী ছামাদ ঘরামিসহ ৪/৫জন সন্ত্রাসী। এসময় হেলেনার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হেলেনাকে উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
হেলেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, রাত সাড়ে দশটার দিক আমি আর শিশু কন্যা জান্নাত (১) ঘরে বইসা কেক খাইতেছিলাম। হঠাৎ কইরা গালে ও শরীরে পানি ছিডা লাগে। আমি জানালা দিয়া টর্চ মাইরা দেহি ছামাদ ঘরামিসহ ৪/৫জন দৌড়াইয়া যাইতাছে। ততক্ষণে শরীর দেহি পুইড়া যাইতাছে। পরে আশে পাশের মানুষ সারা শরীরে পানি দিছে। প্রায় এক বছর আগে আমি ছামাদ ঘরামির কাছ থিকা সুদে ২০ হাজার টাকা আইনা একজনরে দিছিলাম। এরপর থিকাই হে আমারে কুপ্রস্তাব আর টাকার জন্য চাপ দিতো। 
হেলানার স্বামী শওকত বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। ছামাদ ঘরামি অনেকদিন ধইরাই হেলেনারে কুপ্রস্তাব দিতাছিলো। এইজন্যই রাগ হইয়া সম্ভবত সে এসিড মারছে। 
পার্শ্ববর্তী তারা বিবি বলেন, এর আগেও ছামাদ ঘরামি টাহা ও নজর খারাপ দেইখা হেলেনারে আমার বাড়িতে আইয়াই মাইর ধইর করছিলো। কালকো রাইতে হেলেনার চিৎকার হুইনা যাইয়া দেহি ওর মেক্সি পুইরা গেছে , সারা শরীরও অনেক ক্ষতিগ্রস্ত হইছে। 
অভিযুক্ত মো. ছামাদ ঘরামি মোবাইলে জানান, স্যার ওর সাথে আমার টাকার কোন ঝামেলা নাই। এটা আমার সাথে শত্রুতা। অন্য কেউ এই ঘটনা ঘটাইছে। আর দোষ পড়ছে আমার ঘাড়ে। 
কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার বলেন, মানুষ কেমনে মানুষরে এসিড মারে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ঝলসানোর ধরণ দেখে মনে হচ্ছে এটি দুর্বল এসিড (কার্বলিক বা ব্যাটারির জন্য ব্যবহৃত)। এসিডে তার গলা, বুক, বাম স্তন, মুখের আংশিক ও বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। 
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, এ ব্যাপারে ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
Read More ... »

স্বাস্থ্য সহকারি পদে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেয়ার অভিযোগে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাপক ভাংচুর চালিয়েছে চাকরিবঞ্চিতরা

15 April 2010 :: 07:11pm
অনিয়মের মাধ্যমে স্বাস্থ্য সহকারি পদে নিয়োগ দেয়ার অভিযোগে আজ (বৃহস্পতিবার) বিকেলে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালিয়েছে চাকরিবঞ্চিতরা। এঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 
হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার সময় ২৫/৩০ জনের চাকরিবঞ্চিতদের একটি দল মিছিল সহকারে এসে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। বিক্ষুব্ধরা স্বাস্থ্য সহকারি পদে দুর্নীতি মানি না , মানবো না স্লোগান দিয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার কাচ ভাংচুর করে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চাকুরি বঞ্চিতরা পালিয়ে যায়। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 
বিক্ষুব্ধ চাকরিবঞ্চিতরা জানায়, বৃহস্পতিবার মাদারীপুর জেলা স্বাস্থ্য সহকারি পদের ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায় অযোগ্যরা ৪/৫ লাখ টাকার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেয়েছে। তাই আমরা বিক্ষোভ করছি। এই ফলাফল আমরা মানি না। 
কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আহমেদ জানান, হঠাৎ ২৫/৩০ জনের চাকরিবঞ্চিতরা স্লোগান দিতে দিতে লাঠিসোটা নিয়ে জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে ভাংচুর চালিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্য সহকারি পদে অনিয়মের মাধ্যমে নিয়োগের প্রতিবাদে চাকরিবঞ্চিতরা এ ভাংচুর চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাংচুরকারীদের সনাক্ত করতে গোয়েন্দারা কাজ শুরু করেছে।
Read More ... »

শিবচরে ৩ ডাকাত এলজিসহ গ্রেফতার ।। হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ২

09-04-2010    11:24am
আজ (শুক্রবার) ভোররাতে শিবচরে ২ বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ৩ ডাকাতকে একটি এলজি ও ছোড়াসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহ ও এক এলাকাবাসী আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার ভোররাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল চর বাচামারা গ্রামের রাজা মালের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেটসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বের হয়ে যাওয়ার সময় গৃহকত্রী হামিদা বেগমের কান ছিড়ে কানের দুল নিয়ে যায় ডাকাতদল। এরপর ডাকাতদল পার্শ্ববর্তী বাবলাতলা গ্রামের খালেক মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিলের নেতৃত্বে পুলিশের একটি বড় দল কয়েকটি দলে ভাগ হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহসহ ইসমাইল শেখ (৩৫) নামের এক এলাকাবাসী আহত হলেও ইস্রাফিল মাদবর (২৫), নজরুল মাদবর (৩০), চানমিয়া বয়াতি নামের ৩ ডাকাতকে ধরে ফেলে পুলিশ। পরে ওই এলাকা থেকে একটি অত্যাধুনিক এলজি ও একটি ছোড়া উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দুজনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা ও রাজৈরে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা, রাজৈরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Read More ... »

শিবচরে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেফতার

শিবচর থানা পুলিশ উপজেলার শিরুয়াইল ইউনিয়নের শোলাপুর গ্রাম থেকে আজ (মঙ্গলবার) দুপুরে আন্তঃজেলা ডাকাত সরদার সম্রাট মাদবর (৩৮) কে গ্রেফতার করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিরুয়াইলের শোলাপুর গ্রাম থেকে ডাকাত সরদার সম্রাট মাদবরকে গ্রেফতার করে হয়। ডাকাত সর্দারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তার নামে শিবচর ও ভাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ প্রায় ৬টি মামলা রয়েছে।
Read More ... »

নিলখী থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ

গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের চরমপন্থী অধ্যুষিত নিলখীতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে চরমপন্থী মনির মোল্লা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র চরমপন্থী পশ্চিম নিলখীতে নাশকতার উদ্দেশ্যে বৈঠকে বসে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে শিবচর থানার এসআই শেখ আবদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি বৃহৎ দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে ওই এলাকার জাহাঙ্গীর বেপারির বাড়ির পাশের খড়ের গাদার নিচ থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করে। চরমপন্থীদলের সদস্যরা নাশকতামূলক কর্মকান্ডের জন্য এ এলাকায় গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ককটেলগুলো শিবচর থানার সামনে বালু ভর্তি বালতিতে রাখা হয়েছে। 
এসআই শেখ আবদুল্লাহ জানান, চরমপন্থীরা কোন নাশকতার জন্য বৈঠকে মিলিত হয়েছিল।
Read More ... »

উমেদপুর ইউনিয়নে অজ্ঞান পার্টির কবলে পড়া যুবক উদ্ধার

শিবচর উপজেলার উম্মেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার থেকে গতকাল সোমবার রাতে অজ্ঞান পার্টির কবলে পড়া যুবক জসিম গোমস্তাকে (২৮) এলাকাবাসী উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এলাকাবাসী, হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে চান্দেরচর বাজারের রাস্তার পাশ থেকে জসিমকে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। অজ্ঞান পার্টির সদস্যরা জসিমকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে ৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। জসিম গোমস্তা শিবচরের কেরানীবাটের জালাল গোমস্তার ছেলে।
Read More ... »

ঘাতক স্বামী প্রকাশ্যে ঘুরলেও গ্রেফতার করেনি পুলিশ ।। যৌতুক না পেয়ে সদরপুরে গৃহবধুকে হত্যা করেছে পাষণ্ড স্বামী


যৌতুক না পেয়ে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরব্রাহ্মণদী গ্রামে নুরজাহান বেগম (২০) নামের এক গৃহবধুকে হত্যা করেছে পাষণ্ড স্বামী । এ মৃত্যুতে স্বামীর অত্যাচারের বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েও ঘাতক স্বামী রাজ্জাক পুলিশের সামনে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। নিহত নুরজাহান দৈনিক নয়া দিগন্তের ঢাকা বিভাগীয় সম্পাদক ও সাব এডিটর হাসান পারভেজ হৃদয়ের ছোট বোন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত দুই মাস আগে (৫ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচরের আ. হামিদ হাওলাদারের ছোট মেয়ে নুরজাহান বেগমের সাথে ফরিদপুর জেলার সদরপুরের চরব্রাহ্মণদী গ্রামের আ. খালেক আকনের ছেলে রাজ্জাক আকনের বিয়ে হয় । বিয়ের সময় রাজ্জাকের দাবী অনুযায়ী তাকে শ্বশুর বাড়ির পক্ষ থেকে একটি নতুন মটরসাইকেল ও কন্যাকে গহনা দেয়া হয়। কিন্তু বিয়ের দিন শ্বশুরালয়ে এসে যৌতুকলোভী আরো ৫০ হাজার টাকা দাবি করে। কিন্তু এ টাকা দিতে শ্বশুর বাড়ি থেকে আপত্তি জানালে বিয়ে বাড়িতেই কলহ হয়। অবশেষে রাজ্জাক নববধু ও নতুন মটরসাইকেল নিয়েই নিজ বাড়িতে আসে । কিন্তু বাসর রাতেই নুরজাহানের ভাগ্যে নেমে আসে বর্বর অত্যাচার। সারারাত বাইরে বসিয়ে রেখে পরদিনই নুরজাহানকে ফেরৎ পাঠানো হয় বাবার বাড়ি। তাও নুরজাহানের ভাবীকে রাজ্জাকের বাড়ির সকলের সামনে করজোড়ে মাফ চেয়ে ফেরৎ আনতে হয়। পরে এ নিয়ে দীর্ঘ সালিশ বৈঠকের পর সদরপুরের প্রভাবশালী নেতা মনির মীরের মধ্যস্থতায় ৭ দিন পর নুরজাহানকে শ্বশুর বাড়িতে ফেরৎ আনা হয়। এরপরই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বারবার যৌতুক দাবি করে রাজ্জাক নুরজাহানকে হত্যার হুমকি দেয়। এরই সূত্র ধরে সোমবার মধ্যরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরজাহানের মুখ গামছা দিয়ে বেধে চুল বাঁধার ফিতা দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে রাখে পাষণ্ড রাজ্জাক। নুরজাহানকে হত্যার পর তৈরি করা হয় আত্মহত্যা নাটকের। ডাকা হয় প্রতিবেশীসহ চেয়ারম্যান ও গণ্যমান্যদের। আর এ সকল মানুষদের ও পরিবারের সদস্যদের দেয়া তথ্যেও ছিল বিস্তর গড়মিল।
সরেজমিনে রাজ্জাকের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে শোয়ানো নুরজাহানের নিথর মৃতদেহ। তার মুখ গামছা দিয়ে বাধা ও গলায় চুল বাধার ফিতা পেচানো । দুই চৌকিদার হারিছ মিয়া ও নিয়ামত আলীসহ ইউপি চেয়ারম্যান আবু জাফর বসা।
ইউপি চেয়ারম্যান আবু জাফর পরিবারটি ও রাজ্জাকের ব্যাপারে বিরূপ মন্তব্য করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ওসির পরামর্শে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধারের নির্দেশ দেয়ার কিছুক্ষণ পর দেখি চৌকিদার দুজন ভেতরের কাটা টিনের বেড়া দিয়ে দরজা খুলেছে। ঘরের ভেতরে যেয়ে দেখি নুরজাহানকে সোফার উপর হাঁটু ভাঙ্গাবস্থায় ঝুলানো ও পাশের টিন কাটা দেখি। যেভাবে হাঁটু ভেঙ্গে সোফার উপর ছিল। কিভাবে এতে ফাঁস খায় বুঝতে পারলাম না।
নিয়ামত চৌকিদার ও হারিছ মিয়া টিনের বেড়াটি নিজেরা কাটেননি তবে হাত দিয়ে টেনে ছিড়েছেন বলে বলেন, আমরা প্রথমে সামনের দরজা ভাঙ্গতে চেষ্টা করেছি, না পেরে টিনের বেড়া হাত দিয়েই টেনে ছিড়েছি। তবে টিন কাটা বা ছেড়ার বিষয়টি উঠানে বসা ইউপি চেয়ারম্যান দেখেননি বলে জানান। এলাকাবাসীর ধারণা হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে নুরজাহানকে হত্যার পর টিন কেটে গা ঢাকা দেয় রাজ্জাক।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, মুখে গামছা পেঁচানো এবং গলায় ফিতা পেচানো অবস্থায় নুরজাহানের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির কোমড়ে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে 'আমার এক চোখে কাঁদায়, এক চোখে ঘুম আসে। মুখে যা আসে তাই বলে, মারামারি করে প্রতিদিন।'
উপস্থিত দুই চৌকিদারকে দিয়ে আপাতত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মূল মামলা দায়ের হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, রাজ্জাক চরম বখাটে। ওর এক ভাই ভারতে পলাতক। আরেক ভাই আদম ব্যবসায়ী। সেও পলাতক। রাজ্জাক বিয়ের পর প্রতিদিনই বউকে মারধর করতো।
এদিকে নুরজাহানের পরিবারে কান্নার রোল পড়েছে । মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা রহিমুন্নেছা। বাকরুদ্ধ পিতা। বোনকে হারিয়ে ছোট ভাই আবুল হোসেনের উচ্চ মাধ্যমিক পরীক্ষ অনিশ্চিত।
নুরজাহানের ভাই সাংবাদিক হাসান পারভেজ হৃদয় জানান, যৌতুকের কারণে ধারাবাহিক নির্যাতনের পর ওরা আমার বোনকে মেরেই ফেললো। পুলিশ হাতের কাছেও রাজ্জাককে পেয়েও ধরেনি। বরং ওর ভাগ্নে পুলিশের সামনেই আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ যেন দর্শক। আমার বোনের গলায় চিকন দড়ির ফাঁসসহ মুখ বাধা ছিল। দুই হাত, সারা শরীর নীল বর্ণ। শরীরের বিভিন্ন অংশে মাংস ও রক্ত জমাট বাধা। পেটে আঘাতের চিহ্ন। বাম গালের পাশে ছিট ছিট। এরপরও পুলিশের সামনে দিয়ে ঘাতক রাজ্জাক ঘুরে বেড়ালো পুলিশ ধরলো না।
Read More ... »

উমেদপুর ইউনিয়নে লাখ টাকার পান চুরি

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামে মনাই ফকিরের পানের বরজ থেকে সোমবার গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র লাখ টাকার পান চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, মনাই ফকিরের পানের বরজ থেকে সংঘবদ্ধ দলটি চুরি করে পালানোর সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে ঐ দলের সদস্য ফারুক (৪০) নামে এক চোরকে আটক করে। উত্তেজিত এলাকাবাসী তাকে মেরে শিবচর থানায় পাঠায়। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
Read More ... »

ভান্ডারীকান্দি ইউনিয়নে দুই গ্রামবাসীর সংর্ঘষে মহিলাসহ আহত ১৩

শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে সোমবার সন্ধ্যায় ফুট খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় ১৩ জন আহত হয়েছে। 
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, গতকাল (সোমবার) সন্ধ্যায় ঢালিকান্দি গ্রামের বেলায়েত হোসেনের সাথে বাশঁকান্দি গ্রামের রিপন হাওলাদারের সাথে ফুট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ দুই গ্রামের মধ্যে সংঘর্ষে সরাফউদ্দিন মল্লিক (৪০), সাহাবুদ্দিন মল্লিক (৪৫), বেলায়েত হোসেন (২০), সোহেল (১৮), কুসুম (৩৩), রিনা (১১), তেহাম (৮), শফি হাওলাদার (৩৭) , কিনাই মাদবর (২৪) প্রমুখ গুরুতর আহত হয়। আহতদেরকে প্রথমে শিবচর পরে ৪ জনকে আজ (মঙ্গলবার) সকালে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় উভয়পক্ষ দুইটি লিখিত অভিযোগ করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, এটা কোন বড় ধরণের সংঘর্ষ না।
Read More ... »

শিবচরে কৃতিজন ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা

আজ শুক্রবার বিকেলে শিবচরে বেগম রাবেয়া গণ-গ্রন্থাগার আয়োজনে কৃতিজন ও কৃতি  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে বাজিতপুর হাজেরা খাতুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেগম রাবেয়া গণ-গ্রন্থাগার এর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কৃতিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আসিফ কর্পোরেশন জ্ঞানাঙ্কুর প্রতিযেগিতার পুরস্কার বিতরণ ও গ্রন্থাগার সম্পর্কিত আলোচনা করা হয়।
মো. শাহাবুদ্দিন শিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর মিয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান।
আরও বক্তব্য রাখেন- অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার আখন্দ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক, নুর মোহাম্মদ মল্লিক, বিএম মাহাবুবুর রহমান বাদল, মো. রিপন মাদবর, মাওলানা আবদুল হক, শাহ আলম মিয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব জমিনের স্পোর্টস রিপোর্টার মনিরুজ্জামান মিন্টু। রাবেয়া গণ-গ্রন্থাগারে বই দিয়ে দৈনিক মানব জমিনের যুগ্ম সম্পাদক সাযযাত কাদির আজীবন সদস্য পদ লাভ করেন। এছাড়া আরও অনেকেই নির্ধারিত চাঁদা দিয়ে গণগ্রন্থাগারের আজীবন সদস্য পদ লাভ করেন। 
Read More ... »

পদ্মা আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি : শিবচরের নিম্নাঞ্চলের বোরো ক্ষেত প্লাবিত

হঠাৎ করে পদ্মা আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানি বৃদ্ধি পেয়ে শিবচরের নদী তীরবর্তী বেশ কিছু বোরো ক্ষেত প্লাবিত হয়েছে। পানিতে শিবচরের পদ্মাবেষ্টিত চরাঞ্চল চরাজানাজাত, কাঁঠালবাড়ি, মাদবরচর, বন্দরখোলা, আড়িয়াল খাঁ তীরবর্তী শিরুয়াইল, উৎরাইলসহ বেশকিছু নিম্নাঞ্চলের বোরো ক্ষেতে পানি প্রবেশ করেছে । অনেক কৃষক শংকিত হয়ে আধা পাকা ধান কেটে ফেলছে বলে খবর পাওয়া গেছে। তবে এ পানিকে ধানের জন্য ভাল বলে ধান না কাটার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারে উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় ৫০ একর জমি প্লাবিত হয়েছে। অনেক কৃষক ভয়ে ধান কাটছেন বলে আমরা খবর পেয়েছি। তবে শংকিত হওয়ার কিছু নেই বৃষ্টি না হওয়ায় এ পানি ধানের জন্য ভাল। আর পূর্ণিমা কেটে গেলে এ পানি চলে যাবে।
Read More ... »

শিবচরের চরাঞ্চলে অগ্নিকাণ্ডে ২ দোকান ১ বসতঘর ভস্মীভুত : সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজ সোমবার সকালে শিবচরের পদ্মা বেষ্টিত চরাঞ্চল চরজানাজাত ইউনিয়নের হাজরা বাজারে অগ্নিকাণ্ডে ২টি দোকান ও ১টি বসতঘর ভস্মীভূত হয়েছে। 
সূত্র জানায়, সকালে হাজরা বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তফা মিয়ার ফার্মেসিতে আগুন লাগে। আগুনে ফার্মেসি, পাশের মোজাম্মেল বেপারির টেইলার্স ও বসতঘর পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
Read More ... »

শিবচর মাতিয়ে গেলেন নোলক ও কোনাল

ক্লোজ-আপ তারকা নোলক ও চ্যানেল আই সেরাকণ্ঠের কোনাল শিবচর মাতিয়ে গেলেন । আজ রোববার রাতে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দুই শিল্পীর গান উপভোগ করেন প্রায় দশ হাজার দর্শক। 
মঞ্জুর আহসান খান মঞ্জুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নোলক প্রথমেই মা’কে নিয়ে একটি গান শুরু করেন। এরপর একে একে ‌'আমার গায়ে যত দুঃখ সয়'; 'তোমার দিল কি দয়া হয় না'; 'ইয়া আলি' সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। কোনাল গাইলেন- 'ইস্টিশনের রেল গাড়িটা'; 'মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা'; 'ঘুম ভাঙ্গাইয়া নিল রে মরার কোকিলে।' 
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি খায়রুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমুখ।
Read More ... »

চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ৬ আসামি গ্রেফতার

শিবচর থানা পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবদুল্লাহের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার উমেদপুর, নিলখী, কুতুবপুর ও মাদবরচর ইউনিয়নে ব্যাপক অভিযান চালিয়ে স্বপন (৩৩), সুমন শিকদার (২৮), বাদশা মুন্সি (৪২), মনির হোসেন (৩৫), শহিদ(২৭), শামীম মাহমুদ (৩৮) কে গ্রেফতার করেছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন