সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বন্ধ ক্রস চ্যানেলে ড্রেজিং শুরু

(১৫ জুলাই, ২০১০) :: নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে বন্ধ হয়ে যাওয়া মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ক্রস চ্যানেল সচল করতে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রাথমিকভাবে শুরু হলেও মূলত আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা থেকে পুরোদমে ড্রেজিং শুরু করেছে একটি ড্রেজার। তবে নদীতে তীব্র স্রোত থাকায় জোয়ারের সময় ড্রেজিং কার্যক্রম বন্ধ থাকছে। 
বিআইডব্লিউটিএর ড্রেজিং বিভাগ সূত্রে জানা যায়, বন্ধ হয়ে যাওয়া হাজরা-কাঁঠালবাড়ি-মাওয়া চ্যানেলটি সচল করতে ৫৬ হাজার ঘনমিটার বালু উত্তোলনের লক্ষ্যে বিআইডব্লিউটিএর ডি-১৩৩৮ ড্রেজারটি বুধবার সন্ধ্যায় ড্রেজিং শুরু করে। এসময় নদীতে জোয়ার আসায় তীব্র স্রোতের কারণে ড্রেজিং বন্ধ করে দেয়া হয়। জোয়ারের প্রভাব কমলে আজ বেলা ১২টায় আবারো ড্রেজিং কার্যক্রম শুরু হয়। 
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ ) মাসুকুল হক বলেন, জোয়ারে তীব্র স্রোতের কারণে ড্রেজিং কার্যক্রম ব্যহত হচ্ছে। ড্রেজিংয়ের মাধ্যমে বন্ধ চ্যানেলটির ওয়ান ওয়ে চালু করতে প্রায় ১০ দিন লাগতে পারে।
Read More ... »

শিবচরে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

(১৩ জুলাই, ২০১০) :: ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতপুর বাজারে আজ (মঙ্গলবার) রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে।
শিবচর হাইওয়ের সার্জন আসাদুজ্জামান সূত্রে জানা যায়, দৌলতপুরবাজারে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক শিবচর ভেদরচর গ্রামের সিরাজ মুন্সীর ছেলে আল-আমিন (২৬) ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল আরোহী একই গ্রামের তোতা হাওলাদারের ছেলে আশিক হাওলাদারকে (২৫) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। এছাড়া অপর মোটরসাইকেল আরোহী ইমরান (২৪) নামের এক যুবকের অবস্থা আশংকজনক। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read More ... »

কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে আটকে পড়েছে ৩টি ফেরি

(৯ জুলাই, ২০১০) :: কাওড়াকান্দি-মাওয়া রুটের হাজরা চ্যানেলে প্রায় ৭০টি যানবাহন নিয়ে ডুবোচরে আটকে পড়েছে ৩টি ফেরি। এছাড়া ২টি ফেরি নদীর মাঝপথে নোঙর করে রাখা হয়েছে। ফলে আজ শুক্রবার সকাল থেকে হাজরা চ্যানেল দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। উভয়পারে প্রায় ১ হাজার যানবাহন আটক পড়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ সকালে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত ৩০টি যানবাহন নিয়ে অপরদিকে মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৩০টি যানবাহন নিয়ে রো রো ফেরি শাহ মখদুম ও ১০টি গাড়ি নিয়ে একটি কে টাইপ ফেরি হাজরা চ্যানেলে পৌঁছলে নতুন ডুবোচরে আটকে যায়। 
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, বর্ষা মৌসুমে নতুন করে পলি পড়ে নদীতে ডুবোচর জেগে উঠেছে। তাই ফেরি ৩টি আটকে যায়। বর্তমানে ফেরি উদ্ধার কাজ চলছে। এছাড়া ২টি ফেরি নদীপথে নোঙর করে রাখা হয়েছে। সকাল থেকে ঘাটের উভয়পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নারী ও শিশু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত চ্যানেল খুলে দিতে না পারলে অন্য ব্যবস্থা নেয়া হবে।
Read More ... »

সড়ক দূর্ঘটনায় এক মহিলা মারা গেছে

(৯ জুলাই, ২০১০) :: মাদারীপুর-শিবচর সড়কের যাদুয়ারচরের মাদবরেরকান্দি গ্রামে আজ (শুক্রবার) সকালে সড়ক দূর্ঘটনায় আলাতন বেগম (৫০) নামের একজন মহিলা মারা গেছে। 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিবচর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা কৃষাণ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী যাদুয়ারচর গ্রামের মৃত কফিলউদ্দিন সরদারের মেয়ে আলাতন বেগমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় পরিবহনটি উল্টে পুকুরের মধ্যে পড়ে যাওয়ায় চালকসহ ৫ জন আহত হয়। পুলিশ এসে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
Read More ... »

অভিভুত চরাঞ্চলের ৩০ দুস্থ পরিবার


 (৮ জুলাই, ২০১০) :: পদ্মা বেষ্টিত জনবিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ ওরা। বঞ্চিত স্বাস্থ্যসেবাসহ সকল অধিকার থেকেই। কিন্তু আজ (বৃহস্পতিবার) এদের মধ্যে ৩০টি অতি দুস্থ পরিবার পেলেন বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ। শুধু স্বাস্থ্যসেবাই নয় পেলেন স্যানেটারি ল্যাট্রিন, শাড়ি-লুঙ্গি, আমগাছ ও আড়াই হাজার করে নগদ অর্থও। প্রত্যন্ত জনপদের অবহেলিত মানুষের জীবনযাপনের চিত্র সরেজমিনে দেখতে এসে সরকার পরিচালিত লোক প্রশাসন বিভাগের প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের সহযোগিতায় স্বাস্থ্যসেবা,স্যানেটারি ল্যাট্রিনসহ বিভিন্ন সেবা পেয়ে অভিভুত চরের খাড়াকান্দি গ্রামের এ সকল দুস্থ পরিবার। 
আজ দুপুর পর্যন্ত শিবচরের মাদবরচর ইউপি কার্যালয়ে পরিবারগুলোর বিনামূল্যে স্বাস্থ্যসেবা শেষে, স্যানেটারি ল্যাট্রিন, শাড়ি-লুঙ্গি, আমগাছ ও নগদ আড়াই হাজার করে অর্থ বিতরণ করা হয়। সরকার পরিচালিত লোক প্রশাসন বিভাগের দিনব্যাপি এ কর্মশালায় সরকারি ৬ কর্মকর্তা দুস্থ পরিবারগুলোর কাছ থেকে তাদের জীবনযাপনের বিভিন্ন তথ্য উপাত্ত লিপিবদ্ধ করেন। প্রশিক্ষণরত মাদারীপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালেয় উপসচিব মো. আলাউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আবেদা আক্তার, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাসরিন সুলতানা ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু বক্কর সিদ্দিকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহবুবুর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস,রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবীর, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম প্রমুখ। 
জেলা প্রশাসক শশী কুমার সিংহ বলেন, লোক প্রশাসন বিভাগের প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা দুস্থ এ পরিবারগুলোর জীবনমান পর্যালোচনা করছি। সাথে বিভিন্ন সংস্থার সহযোগিতায় সেবা কার্যক্রম দেয়া হয়েছে।
Read More ... »

পাঁচ্চরে নৈশপ্রহরীকে কুপিয়ে জখম : গ্রেফতার ১

(৮ জুলাই, ২০১০) :: উপজেলার পাঁচ্চর বাজারের নৈশপ্রহরী মো. রাজন খান (৪৫) কে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িত থাকায় এলাকাবাসী একজনকে ধাওয়া করে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। 
একাধিক সূত্র জানায়, গতকাল (বুধবার) রাতে শিবচর থানার এসআই আনোয়ার হোসেন পাঁচ্চরে চোরাই মটরসাইকেল ও এক চোরের সন্ধানে গেলে নৈশপ্রহরী রাজন খান পুলিশকে সহযোগিতা করে। এতে ক্ষিপ্ত হয়ে আজ (বৃহস্পতিবার) মধ্যরাতে রাতে রাজন খান পাঁচ্চর বাজারে পাহারা দেয়ার সময় সাত-আট জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে নৈশপ্রহরীকে এলোপাতারিভাবে কুপিয়ে রাস্তার পাশে মৃত ভেবে ফেলে রেখে যায়। আহতকে আশংকাজনক অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এসআই আনোয়ার হোসেন বলেন, বুধবার রাতে চোরাই মটরসাইকেল ও চোরের সন্ধানে গেলে প্রহরী রাজন আমাদের সহযোগিতা করেছিল। এতে ক্ষিপ্ত হয়েই রিকন,মাহাবুবসহ সন্ত্রাসীরা রাজনের উপর হামলা চালায়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাহাবুব খালাসী (২৫) কে গ্রেফতার করেছি। বাকি অপরাধীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রেখেছি। এ ব্যাপারে শিবচর থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

ভ্রাম্যমান আদালতের অভিযান : শিবচরের পদ্মায় ৬টি মাছ ধরার অবৈধ বাধ উচ্ছেদ : লক্ষাধিক টাকার জালে আগুন

(৬ জুলাই, ২০১০):: আজ (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি নদীজোড়া আড়াআড়ি অবৈধ মাছ ধরার বাধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার ছালা, বেড়া ও কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে। 
সূত্র জানায়, সকালে মাদারীপুরের ম্যাজিস্ট্রেট আ. রউফ তালুকদার, মৎস কর্মকর্তা নাজমুদ হুদা ও পুলিশের এসআই শেখ আবদুল্লাহের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর ওপাড় এলাকার ৬টি অবৈধ বাধের কয়েক শ’ বাঁশ, জাল ও মাছ ধরার ফাঁদ তুলে কেটে নদীতে ভাসিয়ে দেয়া হয়। তাছাড়া নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে অবৈধ জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুদ হুদা বলেন, ৬টি অবৈধ বাধ উচ্ছেদ করা হয়েছে। সকল বাধ উচ্ছেদের জন্য নিয়মিতভাবে অভিযান চালানো জরুরি। আগামী সপ্তাহে পদ্মায় আবারো অভিযানের পরিকল্পনা রয়েছে।
Read More ... »

বজ্রপাতে বিকল : শিবচর টেলিফোন এক্সচেঞ্জ ৭ দিনেও চালু হয়নি

(৬ জুলাই, ২০১০) :: গত মঙ্গলবার (২৯ জুন) বজ্রপাতে শিবচরের বিটিসিএল টেলিফোন এক্সচেঞ্জটি গত ৭দিনেও চালু হয়নি। ফলে টেলিফোন ব্যবহারকারী প্রায় ৩৬০ জন গ্রাহক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যাংক, অফিসগুলোর জরুরি সেবা কার্যক্রমও চরমভাবে ব্যহত হচ্ছে।
বিটিসিএল সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের বজ্রপাতের ঘটনায় শিবচর-মাদারীপুর এক্সচেঞ্জের সংযোগ লিংক, শিবচর এক্সচেঞ্জের এক্সচেঞ্জ কার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে বিকল হয়ে যায়। এরপর থেকেই এক্সচেঞ্জটির ৩৬০টি টেলিফোন সংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রয়েছে। ফলে উপজেলার জরুরি প্রশাসনিক বার্তা প্রেরণ ও গ্রহণ কার্যক্রমসহ ব্যাংকিং লেনদেনেও মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে মানুষকে। বিকল্প উপায়ে এ সকল জরুরি কার্যক্রম চালাতে গিয়ে সংশ্লিষ্টদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
এ ব্যাপারে মাদারীপুর বিটিসিএল-এর বিভাগীয় প্রকৌশলী আ. ওহাব বলেন, দেশের সবচেয়ে দক্ষ প্রকৌশলীদের দিয়ে বিকল লিংক, এক্সচেঞ্জ কার্ড পরিবর্তন করেও এক্সচেঞ্জটি চালু করা যায়নি। টেলিফোন বোর্ডের মাধ্যমে শীঘ্রই চীনের জেডটিই কোম্পানির প্রকৌশলীরা এসে সফটওয়্যারটি লোড করলেই এক্সচেঞ্জটি চালু হবে।
Read More ... »

যাত্রীছাউনি নেই : কাওড়াকান্দি-মাওয়া ঘাটে যাত্রী দুর্ভোগ চরমে

(৩ জুলাই, ২০১০) :: 'ম্যালা দিন ধইরা অসুখে পড়ছি। ভালা ডাক্তার দেহানোর লাইগা নাতি সবুজের লগে ঢাকা রওনা হইছি। বাস না পাইয়া ভাইঙ্গা ভাইঙ্গা রওনা হই। রাইতে ঘাটে আইছি। আইজকো আর লঞ্চ যাইবো না। আকাশে ম্যালা মেঘ। নাতি লইয়া সারা রাইত রাস্তার পারই বইসা থাকতে হইবো। বৃষ্টি নামলে কই গিয়া দাঁড়ামু জানি না।' কথাগুলো বললেন পটুয়াখালী থেকে আসা অশীতিপর হালিম মিয়া।
এমন ঘটনা নতুন নয়। ধর্মঘট, পানি বৃদ্ধি, ঝড়-বৃষ্টি, কুয়াশাসহ সব ধরনের দুর্যোগে শিবচরের কাওড়াকান্দি-মাওয়া রুটের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। ঘাটে যাত্রী ছাউনি না থাকায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার শত শত যানবাহনের শিশু, বৃদ্ধ, নারীসহ হাজার হাজার যাত্রীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। কুয়াকাটার রোজি, ঝালকাঠির রহিমা, বাগেরহাটের আবুল কালাম, মোরেলগঞ্জের রাজিয়া আক্তারসহ আরো অনেক যাত্রী জানান, ঘাটে কোনো যাত্রী ছাউনি না থাকায় একটানা আট ঘণ্টা বাসের মধ্যে বসে ছিলেন। রাতে ঘাট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। আশ্রয় নেওয়ার জায়গা পাওয়া যায় না। টয়লেটেরও ব্যবস্থা নেই। নিরুপায় হয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে টয়লেটের কাজ সেরেছেন তাঁরা। 
দোকানদার কালাম মিয়া বলেন, 'রাত হলে তো আমরা দোকান বন্ধ করে রাখি। ছাউনি না থাকায় যাত্রীদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। কর্তৃপক্ষের অবহেলার জন্য যাত্রীদের এই দুর্ভোগ।' লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, কাওরাকান্দি ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার জনগণ যাতায়াত করে। ঘাটে কোনো ছাউনি না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। 
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী মো. কামাল পাশা বলেন, কাওড়াকান্দি ঘাট এলাকায় বিআইডব্লিউটিএর একটি যাত্রী ছাউনি আছে। সেটা এখন পুলিশের দখলে। ছাউনি না থাকায় যাত্রীদের তো একটু কষ্ট হচ্ছেই।
Read More ... »

মহাসড়ক অবরোধ : গাড়ি ভাংচুর : শিবচরে বাস চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত

(২ জুলাই, ২০১০) ::  আজ (শুক্রবার) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরে যাত্রীবাহী বাস চাপায় সবুজ বাংলা (টেম্পু) যাত্রী ফরিদপুর অগ্রণী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. মান্নান হাওলাদার (৪৫) নিহত হয়েছে। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে ও ঘাতক বাসটিতে ভাংচুর চালায়।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক প্রশান্ত কুমার বলেন, দুপুর সাড়ে বার টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্ট্যান্ডে লোকাল টেম্পু সবুজ বাংলা পরিবহন মহাসড়কেই দিক পরিবর্তন করতে গেলে ঢাকাগামী যাত্রীবাহী সুগন্ধা পরিবহন (পাবনা-ব-১৯৪০)  পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি দুমড়ে মুচড়ে পাশের একটি বেবিটেম্পুকে নিয়ে স্ট্যান্ডের একটি দোকানের উপর পড়ে। সংঘর্ষে সবুজ বাংলার যাত্রী অগ্রণী ব্যাংক, ফরিদপুর শাখার সিনিয়র অফিসার মান্নান হাওলাদার (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় অপর অজ্ঞাতনামা অপর এক যাত্রী গুরুতর আহত হয়। এঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় এলাকাবাসী বেলা সাড়ে বারটা থেকে দেড়টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে ও ঘাতক গাড়িটিকে ভাংচুর করে।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Read More ... »

শিবচরের পাঁচ্চরে কার্বাইড মিশ্রিত আম ধ্বংস



(৩০ জুন, ২০১০) :: আজ (বুধবার) দুপুরে শিবচরের পাঁচ্চর বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে ১৬ মণ বিষাক্ত কার্বাইড মিশ্রিত আম জব্দ করে সেগুলো ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিষাক্ত কার্বাইড মিশ্রিত আম বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে প্রকাশ্যে কান ধরে উঠবস করিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র জানায়, দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পাঁচ্চর বাজারের বিভিন্ন ফলের দোকানে অভিযান চালায়।
Read More ... »

বজ্রপাতে পিতা ও কন্যার মৃত্যু : ৭ ছাত্রী আহত

(২৯ জুন, ২০১০) :: আজ (মঙ্গলবার) দুপুরে শিবচরের উমেদপুরে বজ্রপাতে পিতা ও কন্যার মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এছাড়াও উমেদপুর বালিকা বিদ্যালয়ের ৭ ছাত্রী আহত হয়েছে। আহত ছাত্রীদের স্থানীয় উপ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ৩ টার দিক সাবেক কমলাপুর গ্রামে প্রথমে হাশেম হাওলাদারের বাড়ির নারকেল গাছে একটি বজ্রপাত পড়ে ঘরের টিনের চালে পড়ে। এতে ঘটনাস্থলেই গৃহকর্তা হাশেম হাওলাদার (৭৫) ও তার মেয়ে ৩ সন্তানের জননী রাহেলা বেগম (৪০) নিহত হয়। অপরদিকে একই সময় উমেদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বজ্রপাত ঘটলে দশম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার, মৌসুমি আক্তার, নুপুর, এমিলি, তানজিলাসহ ৭ ছাত্রী আহত হয়। ছাত্রীদের আহতাবস্থায় স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
Read More ... »

কাওড়াকান্দি ফেরিঘাটে ৮৭০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


(২৯ জুন,২০১০):: ভারতীয় সীমান্ত হয়ে অভিনব কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ফেন্সিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য। আজ (মঙ্গলবার) সকালে মাইক্রোবাসের যাত্রী আসনের পাটাতনের নীচে বিশেষ বক্স তৈরি করে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ৮৭০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে কাওড়াকান্দি ফেরিঘাট থেকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ্চর হাইওয়ে পুলিশের একটি দল কাওড়াকান্দি ঘাটে যশোর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-৫৩-০৭৯১) অভিযান চালায়। এসময় চালক ও যাত্রীর আচরণে সন্দেহ হলে যাত্রী বসার আসনের পাটাতনের নীচে বিশেষ কায়দায় তৈরি বক্স থেকে ৮৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ফেনসিডিল ব্যবসায়ী যশোরের আমড়াখালি গ্রামের আকবর আলীর ছেলে হারুনুর রশিদ (৪০) ও মাইক্রোবাস চালক নোয়াখালীর মহেশপুর গ্রামের মোহম্মদউল্লাহর ছেলে বেল্লাল হোসেন (৪০) কে গ্রেফতার ও মাইক্রোবাসটি আটক করা হয়।
Read More ... »

সংবাদ সম্মেলনে প্লট বরাদ্দসহ কার্যক্রম শুরুর ঘোষণা : বিভাগীয় শহরের বাইরে দেশের প্রথম আবাসিক প্রকল্প শিবচরে




(২৯ জুন, ২০১০) :: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীনে বিভাগীয় শহরগুলোর পর এ প্রথম কোন উপজেলা শহরে স্বল্প ও মাধ্যম আয়ের নাগরিকদের জন্য হাউজিং প্রকল্প আবাসিক প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরত্বে এই আবাসিক প্রকল্পটি স্যাটেলাইট শহরের আদলে গড়ে তোলা হবে। 

বিদ্যুৎ,পানি,ড্রেনেজসহ সকল নাগরিক সুবিধা সম্পন্ন এ আবাসন প্রকল্পটির প্লট বরাদ্দের জন্য এক সংবাদ সম্মেলনে শিবচর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আ. কাদের খান মিলু আবাসন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। 
শিবচর পৌরসভা মিলনায়তনে আজ (মঙ্গলবার) সকালে সংবাদ সম্মেলনে শিবচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জানান, দেশের স্বল্প ও মধ্যম আয়ের নাগরিকদের জন্য পৌর এলাকার নলগোড়া ও ঠেংগামারা মৌজায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় হাউজিং প্রকল্প আবাসিক প্লট বরাদ্দ দেয়া হবে। এই প্রথম কোন উপজেলা শহরে স্বল্প ও মধ্যম আয়ের নাগরিকদের জন্য হাউজিং প্রকল্প আবাসিক প্লট নির্মাণ করা হয়। মোট ১৯ দশমিক ৬২ একর জমির উপর এ প্রকল্পে ৫ কাঠার ১০৯টি প্লট এবং ৩ কাঠার ৪৯টি প্লট থাকবে। এর মধ্যে বাণিজ্যিক প্লট ৭টি, একটি মসজিদ, একটি খেলার মাঠ ও একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। ৫ কাঠা প্লটের জন্য ১ লাখ এবং ৩ কাঠা প্লটের জন্য ৬০ হাজার টাকা জামানত প্রয়োজন হবে। প্রতি কাঠা জমির মূল্য ধরা হয়ে ১ লাখ ৬৩ হাজার টাকা। 
আবাসিক প্লট বিতরণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, প্লট পেতে আগ্রহীরা আগামী ২৭ জুলাই ২০১০ এর মধ্যে আবেদেন ফরম ক্রয় করতে পারবেন এবং ২৯ জুলাই আবেদন জমা দেয়ার শেষ তারিখ বলে তিনি জানান। ইতোমধ্যেই মাটি ভরাটের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। সরকারি-আধাসরকারি, স্বায়ত্ব শাসিত সংস্থার চাকুরিজীবী, বেসরকারি চাকুরিজীবী এবং বিদেশে কর্মরত ওয়েজ আর্নার, ব্যবসায়ী, শিল্পপতি, মুক্তিযোদ্ধা, সাহিত্যিক, ক্রীড়াব্যাক্তিত্ব, শিল্পী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যম আয়ের লোকরা এ প্রকল্পে প্লট বরাদ্দ পাবেন বলে তিনি (মেয়র) জানান। আবেদনপত্র ও ফরম গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকার মিরপুর-১ ও ২ ডিভিশন কার্যালয় ছাড়াও গৃহায়ন কর্তৃপক্ষের সকল কার্যালয়ে পাওয়া যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৩শ’ টাকা। এ সময় উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, পৌরসভার সচিব মো. মোকলেসুর রহমান তালুকদার ও পৌরসভার কাউন্সিলরগণ। 
এ ব্যাপারে মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয় সংসদ সদস্য,জাতীয় সংসদের হুইপ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য নূর-ই-আলম চৌধূরী লিটন বলেন, গত শনিবার আমি জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তবে ঢাকা শহরে আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে শিবচরসহ ঢাকার চারপাশে বিভিন্ন উপজেলায় স্যাটেলাইট শহর নির্মাণ করার দাবী জানিয়েছি। এর অংশ হিসেবে শিবচরে আবাসন হাউজিং প্রকল্পের কাজ হাতে নিয়েছি। পর্যায়ক্রমে শিবচরকে স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা রয়েছে। 
Read More ... »

বীজাগার ভেঙে রড বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান



(২৬ জুন, ২০১০) :: সড়ক ও বাজার সম্প্রসারণের নামে শিবচরের চান্দেরচর বাজারে একটি পরিত্যক্ত সরকারি বীজাগার ভেঙে রড বিক্রি করে দিয়েছে উমেদপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। বৃহস্পতিবার সারা রাত ধরে তারা এ কাণ্ড ঘটায়। 

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১ টায় উমেদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদন হাওলাদার তার ৭০/৮০ জন সমর্থক নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারটি ভাঙা শুরু করে। ভবনটি ভেঙে রডগুলো সরিয়ে ফেলে তারা। উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ খবর পেয়ে ভোরে সেখানে গেলে দাদন হাওলাদারের লোকেরা সরে পড়ে। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, 'একটি মহল ওই জায়গায় মার্কেট করতে চায় বলে শুনেছি। তারাই ভবনটি ভেঙে রড নিয়ে যায়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।' 
পুলিশের উপপরিদর্শক মো. মনির হোসেন বলেন, 'ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, উমেদপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দাদন হাওলাদার ও তার লোকজন কাজটি করেছে। ভবনটি থেকে সরিয়ে নেওয়া প্রায় ৮০০ কেজি রড একটি দোকানে পাওয়া গেছে।' 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, 'চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। কৃষি কার্যালয় মামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে দাদন হাওলাদার কালের কণ্ঠকে বলেন, 'সড়ক ও বাজার সমপ্রসারণের লক্ষ্যে কর্তৃপক্ষ ও নেতাদের সঙ্গে আলোচনা করেই পরিত্যক্ত ভবনটি ভাঙা হয়েছে। ভবনটি কার_তা জানেন না তিনি। ভবনের রডগুলো বিক্রি করে শ্রমিকদের খরচ মেটানো হয়েছে বলে জানান তিনি।'
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন